Headlines

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির (২০২৬-২৭) আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন ও ট্রেজারার মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এই কমিটি আগামী দুই বছরের (২০২৬—২০২৭) জন্য দায়িত্ব পালন করবে । সদ্য বিদায়ী কমিটির প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমদ দায়িত্ব বুঝিয়ে দেন।


গত ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে প্রেসক্লাব কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। হস্তান্তর সেশন সঞ্চালনা করেন বিদায়ী জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ। উল্লেখ্য, তাইসির মাহমুদ দুই টার্ম দায়িত্ব পালন শেষে জেনারেল সেক্রেটারির পদ থেকে বিদায় নিলেও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নতুন কমিটিতে দায়িত্ব পালন করছেন ।


অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত ১৫ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় । এসময় নবনির্বাচিত ও বিদায়ী সদস্যরা তাঁদের একান্ত অনুভুতি ব্যক্ত করেন।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল আহমদ, সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মিছবাহ জামাল ও ক্লাবের আজীবন সদস্য ওহিদ উদ্দিন।

নবনির্বাচিত নির্বাহী কমিটিঃ
প্রেসিডেন্ট তারেক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন, এসিসটেন্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ট্রেজারার মোঃ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট ট্রেজারার এখলাছুর রহমার পাক্কু,

অর্গানাইজিং এণ্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহীন, মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী ফয়সল মাহমুদ, ইভেন্ট এণ্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন।

নির্বাহী সদস্যরা হলেন— যথাক্রমে প্রথম নির্বাহী সদস্য মু. সরওয়ার হোসেন, সাহিদুর রহমান সুহেল, লোকমান হোসাইন কাজী, মোঃ এনামুল হক চৌধুরী ও ফারজানা আক্তার চৌধুরী।

যাঁরা বিদায় নিলেনঃ
প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, ভাইস প্রেসিডেন্ট সাঈম চৌধুরী, এসিসটেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, ট্রেজারার সালেহ আহমদ, এসিস্ট্যান্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য জাকির হোসাইন কয়েস, পলি রহমান, আনোয়ার শাহজাহান।

নবনির্বাচিত প্রেসিডেন্ট তারেক চৌধুরী ক্লাবকে আরো গতিশীল ও সমৃদ্ধ করতে আগামী দুই বছরের কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, আপনাদের দেয়া দায়িত্বের যথাযথ মূল্যায়ন এবং প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।

আশা করছি, গৃহীত যে কোনো পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়নে আপনাদের সবধরণের সহযোগিতা ও সমর্থন থাকবে। ক্লাবকে এগিয়ে নিতে অতীতের ন্যায় আপনারা সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন,লন্ডন বাংলা প্রেসক্লাবের একটি ঐতিহ্য হচ্ছে নির্বাচনের পর পর সবাই ক্লাবের স্বার্থে কাজ করি।

তিনি আরো বলেন, এ বছর কমিটি নবীন এবং প্রবীণের সমন্বয়ে গঠিত হয়েছে।

১৫ জন সদস্যই স্ব স্ব ক্ষেত্রে পরিচিত এবং অভিজ্ঞ। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীর প্রেসক্লাব হবে আরো বেশী কার্যকর এবং সদস্যবান্ধব।

ক্লাবের স্বার্থে সদস্যের মতামতকে গুরুত্ব দেওয়া, মতামত নেওয়া বা আলোচনা করে আরো ভাল কিছু অর্জন করাই হবে এই কমিটির অন্যতম উদ্দেশ্য।

বিদায়ী প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে ক্লাবের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিদায়ী জেনারেল সেক্রেটারি ও নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসেডেন্ট তাইসির মাহমুদ বলেন, আজকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনকালিন দুটো এলায়েন্স—এর পরিসমাপ্তি ঘটলো। বিগত বছরগুলোর মতো আগামী দুই বছর আমরা একটি টিম হিশেবেই কাজ করবো।

তিনি বলেন, দুই মেয়াদের চার বছর দায়িত্বপালন শেষে গত নির্বাচনে ক্লাব সদস্যরা আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছেন। আমি সদস্যদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ । আমার প্রতি সদস্যরা যে আস্থা ও ভরসা রখেছেন তা যেন রক্ষা করতে পারি ।

গত চার বছর জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করার অভিজ্ঞতার আলোকে নতুন কমিটির নেতৃত্বে আরো গতিশীল ও সক্রিয় ক্লাব উপহার দেওয়ার চেষ্টা করবো।

তিনি বলেন, বিগত কমিটিতে আমরা যেভাবে একে অপরের প্রতি পারস্পারিক শ্রদ্ধাবোধ রেখে কাজ করেছি নবনির্বাচিত নেতৃবৃন্দও সেই ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *